নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় বন্দর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘গৌরবের ৩৪ বছর’ স্লোগানকে সামনে রেখে সাপ্তাহিক তথ্যবাণীর নারায়ণগঞ্জ প্রতিনিধি নাজমুল খন্দকার আবিরের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ও সাবেক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ।
আলোচনা সভায় গোলাম নবী মুরাদ বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। তারপরও সাংবাদিক ভাইদের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচিত হয়েছে। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের ভুলত্রুটিগুলো তুলে ধরবেন, এটাই প্রত্যাশা।’
বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ বলেন, অতীতে নির্বিঘ্নে লেখালেখি করা সম্ভব ছিল না। দুর্ভাগ্যজনকভাবে এখনো সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। কোনো সংস্কার দৃশ্যমান হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম শাহীন আহাম্মেদ। তিনি সাপ্তাহিক তথ্যবাণীর উত্তরোত্তর সাফল্য কামনায় সবার দোয়া চান। পাশাপাশি পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার বুদ্ধি, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বার্তার সম্পাদক মো. আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক তথ্যবাণীর নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য রাজু আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি কে রাসেল, বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, বন্দর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এমএ আজাদ, বন্দর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী প্রধান ও সাধারণ সম্পাদক শেখ সুমন এবং মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪ বছরের পথচলাকে উদযাপন করেন উপস্থিত সবাই।
Leave a Reply