, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

পুরোনো বন্ধুদের মুখ, সহপাঠীদের সঙ্গে প্রাণখোলা আড্ডা, কলেজজীবনের স্মৃতিচারণ আর নাচ-গানে মুখর একটি দিন। কেউ দীর্ঘদিন পর বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছেন, কেউ খুঁজেছেন হারিয়ে যাওয়া সহপাঠীকে, আবার কেউ ফিরে গেছেন জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে। বয়স, পেশা কিংবা রাজনৈতিক পরিচয়ের সব ব্যবধান ভুলে সেদিন সবার একটাই পরিচয়—তাঁরা সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

শনিবার (২৮ নভেম্বর) নগরের ওসমানী পৌর স্টেডিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী। ব্যবসায়ী, রাজনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই নাচ-গান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনীর কার্যক্রম। পর্যায়ক্রমে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের এক ছাদের নিচে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতির পাতা উল্টে ফিরে যান কলেজের শ্রেণিকক্ষ, ক্যাম্পাসের আড্ডা আর তারুণ্যের দুরন্ত দিনগুলোতে।

অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো এমন পুনর্মিলনীর আয়োজন অত্যন্ত আনন্দের ও গৌরবের। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

কলেজটির রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার আগে থেকেই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তোলারাম কলেজ। সময়ের সঙ্গে শিক্ষার ধরন ও চাহিদায় পরিবর্তন এসেছে। বর্তমান বিশ্বে বিজ্ঞানভিত্তিক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার গুরুত্ব বাড়ছে। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান তিনি।

পুনর্মিলনীর উদ্যোক্তা, কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, অত্যন্ত আবেগ, আন্তরিকতা ও পরিশ্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর অনেক পুরোনো বন্ধু ও সহপাঠীর সঙ্গে দেখা হয়েছে। আবার অনেকে বিদেশে অবস্থান করছেন, কেউ কেউ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁদের স্মরণ করে আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, সরকারি তোলারাম কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ ও আত্মিক বন্ধনের জায়গা। এই কলেজ থেকে যাঁরা পড়াশোনা শেষ করেছেন, তাঁদের সবার মধ্যে যে হৃদ্যতা ও সম্পর্ক রয়েছে, তা আরও বিস্তৃত ও সুদৃঢ় করাই পুনর্মিলনীর অন্যতম প্রধান উদ্দেশ্য।

নিজের কলেজজীবনের স্মৃতিচারণ করে রাজিব আরও বলেন, ছাত্রজীবনে তাঁদের অন্যতম বড় অর্জন ছিল শিক্ষকদের হারানো ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে দেওয়া। একসময় শিক্ষকদের মর্যাদার জায়গায় কিছুটা বিচ্যুতি ঘটেছিল। ভবিষ্যতে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সবার ওপরে রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষকদের তাঁদের প্রাপ্য সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত রাখা সবার দায়িত্ব।

দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় সোলস ব্যান্ড ও সংগীতশিল্পী ইমরান মাহমুদের সংগীত পরিবেশনা। তাঁদের গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংগীত, স্মৃতিচারণ আর বন্ধুত্বের আবহে শেষ হয় তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রথম পুনর্মিলনী।

৯০ বছরের শিক্ষাযাত্রায় তোলারাম কলেজের অবদান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে নতুন করে সামনে আনা এই আয়োজন যেন প্রমাণ করে—সময় বদলায়, বয়স বাড়ে, জীবনের ব্যস্ততা মানুষকে দূরে সরিয়ে দেয়; কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে গড়ে ওঠা বন্ধুত্ব ও স্মৃতির বন্ধন কখনো পুরোনো হয় না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।