, , ,
শিরোনামঃ
অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণ, ১৫ ট্রাকে মিলছে সাশ্রয়ী চাল ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে মিয়া চাঁনের বার্তা, ইতিহাস গড়তে ঢাকায় যাওয়ার আহ্বান

পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব দাবি জানান।

বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকার সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের নির্দেশ দিলেও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রতা করেছে। শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে মজুরি বোর্ড গঠন করা হলেও গত ২৫ নভেম্বর মালিকপক্ষের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় শ্রমিকেরা এ মজুরি প্রত্যাখ্যান করেছেন। এর ফলে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

শ্রমিক আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে সরকারি দলের সমর্থক গোষ্ঠী ও পুলিশের মাধ্যমে নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। ইতোমধ্যে তৌফিক নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। শ্রমিকেরা যাতে তাঁদের পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে বিবেচনায় বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। এ জন্য মজুরি বোর্ডের ঘোষিত কাঠামো পুনর্বিবেচনা ও পুনর্নির্ধারণের দাবি জানান তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বাসদের এই নেতা বলেন, বর্তমানে দেশে বেকারত্ব, দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার অবনতি ও জানমালের নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি মব সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির তৎপরতা, নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মাদকের বিস্তার জনজীবনে উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিএনপি সরকার ওই চুক্তি বাতিল না করে বাস্তবায়নের পথে এগোচ্ছে। তাঁর দাবি, এ চুক্তির ফলে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ, ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি স্থাপন এবং সুন্দরবনের আক্রম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনারও সমালোচনা করেন বজলুর রশীদ ফিরোজ। এসব উদ্যোগকে জাতীয় স্বার্থ ও পরিবেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট চুক্তি ও পরিকল্পনা বাতিলের দাবি জানান।

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদের সোনারগাঁ উপজেলা সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লা থানা আহ্বায়ক এম এ মিল্টন ও সদস্যসচিব এস এম কাদির।

জনসভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী এবং বাংলাদেশ জাসদের জেলা সভাপতি সোলেমান দেওয়ান।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের বার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন ও লাল পতাকা নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসভার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।