নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা একটি মিনিট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে যানবাহনটি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লার ভূঁইঘর কাজীপাড়া এলাকায় বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের দিক থেকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা মিনিট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন পথচারী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে দ্রুত সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত বলে তিনি দাবি করেন। তবে তাঁর এ দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply