নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সামাদ আলী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার সকালে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন গুলি ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে অন্য জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর একই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সামাদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু নামে একজন টেঁটাবিদ্ধ হয়েছিলেন।
Leave a Reply