সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় রাতের আঁধারে একটি পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
সহায়তা প্রদানকালে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর জানান, পারিবারিক চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে থেকেও তিনি ঘটনাটির খবর পেয়ে গভীর উদ্বেগ ও মর্মবেদনা প্রকাশ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।
রাকিবুর রহমান সাগর বলেন, অপরাধী যে-ই হোক, সে দলের কিংবা দলের বাইরের—কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তবে তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। অথচ ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন।
ক্ষতিগ্রস্ত পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানানো হলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে থাকার এবং প্রয়োজনে পাহারার ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি একজন আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর পরিবারটিকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply