নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি, স্বজনদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, ভাঙচুর ও লুটপাটে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা (৫৫)। তবে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর আনুমানিক ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এজাহারে সুলতানা ওমর স্বাধীনা উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ একদল লোক তাঁদের বাড়িতে প্রবেশ করে। এরপর ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘরে থাকা ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুট করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
শুধু সুলতানার বাড়িই নয়, একই সময়ে তাঁর স্বজনদের স্থাপনাতেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর করে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও এক্সকাভেটর দিয়ে ধ্বংস করা হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
মামলায় অভিযুক্ত ১৪ জন হলেন—মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বসতবাড়ি হারিয়ে সুলতানা ও তাঁর সন্তানরা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে স্বজনদের বাড়িঘর ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় তাঁরাও আর্থিক সংকটে পড়েছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
Leave a Reply