বকেয়া বেতন পরিশোধ, মজুরির গ্রেড বৃদ্ধি ও চাকরিচ্যুতির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের তিনটি শিল্পকারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দাপা এলাকার সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, বিসিক শিল্পাঞ্চলের সায়েম নীট ফেব্রিক্স এবং রূপগঞ্জের ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এসব কর্মসূচি পালিত হয়।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার দাপা এলাকায় অবস্থিত উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের শ্রমিকরা গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ-৪-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তাতে সন্তুষ্ট হননি। এরপর তারা কর্মস্থল ত্যাগ করেন এবং আর কাজে যোগ দেননি।
উল্লেখ্য, একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবারও উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন।
অন্যদিকে, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের সায়েম নীট ফেব্রিক্সে দক্ষ শ্রমিকদের মজুরির গ্রেড বৃদ্ধির দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা কাজে ফিরে যান।
এদিকে, রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৫৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, কারখানার শ্রমিকরা মাসিক ২০ হাজার টাকা বেতন দাবি করছিলেন। এ নিয়ে প্রতিবাদের পর ৫৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে কারখানাটির অ্যাডমিন (ডিজিএম শাখা) শফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। পরে শিল্প পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে। তার ভাষ্য, কয়েকজন শ্রমিক কারখানার নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ করতে রাজি না হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ২০ জন শ্রমিককে অগ্রিম এক মাসের বেতন দেওয়া হলে তারা কারখানা এলাকা ছেড়ে চলে যান।
তবে এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো কারখানায় অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply