নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে খেলনা পিস্তল, সামুরাই তরবারি, ধারালো তলোয়ার, স্টিলের পাইপ ও গিয়ার এক্স।
রোববার (২৯ নভেম্বর) ফতুল্লা থানাধীন হাসেমবাগ জামে মসজিদসংলগ্ন পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও SRB-এর যৌথ অভিযানে এ পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল্লাহ (৩২) ও জাবেদ কায়সার ওরফে আজাদের (৪০) দেওয়া তথ্যের ভিত্তিতে হাসেমবাগ এলাকায় অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং জেলা গোয়েন্দা পুলিশের ‘ক’ জোনের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক বিপিএম, ডিবির এসআই মো. মফিজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে উদ্ধার করা হয়—একটি স্টিলের তৈরি খেলনা পিস্তল, দুই পাশ ধারালো একটি সামুরাই তরবারি, দুটি স্টিলের পাইপ, একটি স্টিলের গিয়ার এক্স, একটি ধারালো তলোয়ার এবং পলিব্যাগের ভেতরে কাগজে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার তদন্তের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply