নারায়ণগঞ্জে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিলে লিংক রোডের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা শিল্পাঞ্চলের আবির ফ্যাশন, পলমল, আজাদ রিফাত, মেট্রো নিট, শিকটেক্স ও লিবার্টি গার্মেন্টসসহ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা একযোগে সড়কে নেমে আসেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় শ্রমিকরা ‘৩০ হাজার টাকা মজুরি চাই, বাঁচার মতো মজুরি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিও জানান তারা।
শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতারাও উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
অবরোধস্থলে শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনো সমাধান হতে পারে না। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, তাদের দাবির বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। তাই আন্দোলনকারীদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, শ্রমিকরা যেন কারও স্বার্থের হাতিয়ার না হন। দাবি-দাওয়া থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করতে হবে। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। সরকারের উচ্চপর্যায় থেকে শ্রমিকদের দাবির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে অবরোধের অবসান ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং দীর্ঘ যানজটের অবসান ঘটে।
Leave a Reply