নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় শুভ দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের একটি গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধারের সময় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তাঁর শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের দাবি, নিহত শুভ দাসের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, শুভ দাস কীভাবে গুলিবিদ্ধ ও ছুরিকাহত হলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর প্রকৃত কারণ কী—এসব বিষয় তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।
Leave a Reply