নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘শেখ হাসিনা অপরাধ করেছেন বলেই এ দেশ থেকে পালিয়ে গেছেন। গুম ও হত্যাসহ তিনি যেসব অপরাধ করেছেন, সেসবের বিচার নিশ্চিত করতে হবে। দেশে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের’ প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্র-জনতাকেও গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগ রয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়ে থাকলে তা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। যারা বর্তমানে পলাতক রয়েছেন, তাদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।’
সমাবেশে সাখাওয়াত হোসেন খান আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে এবং বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply