নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া (২৫) নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল মিয়া (৩০), রূপগঞ্জের ভোলাব এলাকার মো. মোস্তফার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার টাওরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি প্রবাসে থাকাকালে পার্শ্ববর্তী ভোলাবো এলাকার রাজুর সঙ্গে টাকা-পয়সার লেনদেন ছিল। দেশে ফেরার পর পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার দিন মাসুম মিয়া মোটরসাইকেলযোগে পাঁচদোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে টাওরা মধ্যপাড়া সড়কে পৌঁছালে রাজুসহ শাকিল মিয়া ও অন্যান্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-১১ জানায়, র্যাব-১১ নারায়ণগঞ্জ ও র্যাব-১ উত্তরা’র যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে শাকিল মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply