নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন— পারভেজ ওরফে কালু (২২), মুন্সিগঞ্জ সদর থানার মৃত সুজন শেখের ছেলে।
র্যাব জানায়, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। ওই ভবনের চারতলায় আসাদ মিয়ার একটি মিনি গার্মেন্টসে কাজ করতেন তিনি।
ঘটনার দিন সকালে কারখানা থেকে ফোন করে তার বোনকে জানানো হয়, তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরে লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply