নারায়ণগঞ্জের বন্দরে শওকত হোসেন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সোনাকান্দা এনায়েতনগর এলাকার নয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শওকত হোসেন ওই এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কোনো একসময় বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন শওকত। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই শাকিল জানান, তাঁর ছোট ভাই শওকত হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে এ ঘটনা ঘটান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply