মৎস্যজীবীদের অধিকার রক্ষা, জীবিকার নিরাপত্তা এবং সামুদ্রিক ও নদীকেন্দ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে প্রকৃত জেলেদের সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে মৎস্যজীবীদের বহুমাত্রিক ঝুঁকি, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, অর্থায়নের প্রয়োজনীয়তা ও নীতিগত পদক্ষেপবিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দৈনিক নিউ এজ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।
আলোচনায় আব্দুল্লাহ আল আমিন বলেন, শিল্পকারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণের কারণে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মৎস্য-বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে নদীনির্ভর জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকার ওপর। মৎস্যসম্পদ রক্ষায় নদীদূষণ বন্ধের পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
বক্তব্যে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় বরিশালে এক জেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, কোস্টগার্ডের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর ওই জেলে হাসপাতালে মারা গেলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ গুলির বিষয়টি স্বীকার করেনি। এমনকি নিহতের পরিবারও মামলা করতে পারেনি বলে উল্লেখ করেন তিনি।
জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে একজন জেলেকে যদি এমন পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব কার—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণের নামে জেলেদের জীবন ও মানবাধিকার উপেক্ষা করার সুযোগ নেই।
সংসদ সদস্য আরও বলেন, জেলে কার্ড, ঋণসহ সরকারি বিভিন্ন সহায়তা প্রকৃত জেলেদের কাছে পৌঁছাতে হবে। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। জাতীয় স্বার্থে মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর অর্থনৈতিক ক্ষতির সম্পূর্ণ বোঝা শুধু জেলেদের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়।
এ সময় জেলে পরিবারের নারীদের জন্য সহজ শর্তে ঋণ, আয়বর্ধক কার্যক্রম ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, জেলে পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এর পাশাপাশি প্রকৃত জেলেদের নাগরিক সুবিধা, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষা এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। এ ছাড়া সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
Leave a Reply