নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পেছনে তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত লিটন নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি মৃত ইউনুস মিয়া ও মৃত রওশনারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টা ২২ মিনিটের দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে নির্মাণাধীন আব্রাহাম ডেভেলপার কোম্পানির একটি ভবন থেকে লিটন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরদিন বুধবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে নিহতের পরিচয় নিশ্চিত করে।
পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়ার বিষয়টি দেখতে পায়।
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply