নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
তিনি আরও বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ঘোষণা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। খেলা দেখতে পুলিশ সদস্যদের পাশাপাশি ক্রীড়ামোদী সাধারণ দর্শকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply