নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু।
বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুস্তম আলী এবং বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি জামান ও রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে সেলিম হোসেন দিপুর উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
তাঁরা আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
Leave a Reply