ফতুল্লা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা জসিম দেওয়ানকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গড়ে তোলা একটি সাংগঠনিক কাঠামোর সঙ্গে জসিম দেওয়ানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায়ও তাঁর ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, জসিম দেওয়ানকে ‘গেরিলা কমান্ডার’ বলা যাবে না। তবে ফতুল্লা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক কয়েকটি মিছিল ও অগ্নিসংযোগের ঘটনায় জসিমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সোনারগাঁ থানায় দায়ের করা বাসে অগ্নিসংযোগের একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
জসিম দেওয়ানের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে হাসিনুজ্জামান বলেন, কোনো কমিটিতে তাঁর পদ-পদবি থাকার তথ্য পুলিশের কাছে নেই। তবে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সৈয়দপুরের ফকিরা বাড়িসংলগ্ন একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম দেওয়ান ভবনের ছাদ থেকে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে আশপাশে আগে থেকেই ডিবি সদস্যরা অবস্থান নেওয়ায় তাঁর পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাঁর কাছ থেকে বেশ কিছু লিফলেট, একটি ডায়েরি ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের একটি সূত্র। উদ্ধার করা এসব সামগ্রী পর্যালোচনা করে তাঁর কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
Leave a Reply