নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোন চুরির অপবাদে শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় দীর্ঘ ৪৮ দিন ধরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিল সে। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে।
পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়া আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ ঝলসে যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে কিশোরী আফরিনের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply