বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফতুল্লায় তাঁর মালিকানাধীন পোশাক কারখানা ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’-এ তিনি অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান চালিয়ে তাঁকে সেখানে পাওয়া যায়নি।
কারখানাটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান সম্পর্কে জানতে চান।
এ সময় আনসার সদস্যরা তাঁদের জানান, কারখানার শ্রমিকদের ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই সবাই চলে গেছেন। ভেতরে তখন আর কেউ ছিলেন না। পরে কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান পরিচালনাকারীরা সেখান থেকে ফিরে যান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েক দিন ধরেই আলোচনা ছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তাঁরা খবর পান, তিনি সেখানে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতেই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply