নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে পুলিশের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির পর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের দেওয়া একটি মাদকবিরোধী ফেসবুক পোস্ট স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে বন্দরের মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে অভিযান চালাতে যায় বন্দর থানা পুলিশের একটি দল। এ সময় স্থানীয়দের উপস্থিতি ও পুলিশের কার্যক্রমকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
পুলিশের অভিযান শেষ হওয়ার পর রাত আনুমানিক ১১টার দিকে বন্দর থানার ওসি জামাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাদকবিরোধী একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে তিনি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
ফেসবুক পোস্টে ওসি জামাল উদ্দিন লেখেন, “প্রিয় বন্দর এলাকাবাসী। পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে আমাকে সহায়তা করুন। কথা দিচ্ছি কাজ দিয়েই আমি প্রমাণ দেব। ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করলাম’।”
অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন মাদকবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে পুলিশের অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযানের উদ্দেশ্য, সেখানে কী পাওয়া গেছে কিংবা কাউকে আটক করা হয়েছে কি না—এসব বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয়দের কেউ কেউ ওসির মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার অভিযানের সময়কার পরিস্থিতির সঙ্গে পরবর্তী ফেসবুক পোস্টের সময় ও প্রেক্ষাপট নিয়েও আলোচনা করছেন।
তবে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ ধরনের অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply