নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলায় মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত এমরান ভূঁইয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া অপহরণকারী আলী হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমরান ভূঁইয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার (১২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমরান ভূঁইয়া ওই এলাকার হোসেন ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদ আলম বলেন, “এমরান ভূঁইয়া এ ঘটনার মাস্টারমাইন্ড। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।”
এর আগে গত ১৯ মার্চ বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকার স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ ভূঁইয়াকে (৮) জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
পুলিশ জানায়, ঈদের দিন বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালী সদর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা শ্যামপুর এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গ্রেপ্তারকৃত এমরান ও তার সহযোগীদের স্বজনরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
মামলার বাদী মোশারফ হোসেন বলেন, “এমরান খারাপ প্রকৃতির লোক। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। আমি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply