নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজার উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৮) নামে এক পৌর ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের মীরেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ঢাকা মেট্রো-হ-৭৫-৭২২৫ নম্বরের মোটরসাইকেলযোগে বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথে মীরেরটেক এলাকায় ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৬৯ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মো. শামীম শেখ জানান, মদনপুর-গাউছিয়া এশিয়ান হাইওয়ে সড়কের মীরেরটেক এলাকায় গাউছিয়ামুখী ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যান। ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কাঁচপুর হাইওয়ে থানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ভূমি বিভাগে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। বর্তমানে আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ের বাবা।
Leave a Reply