নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।
রোববার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।
অভিযানে মোট ৮ কেজি ৮০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে বিক্রি করছে।’
তিনি আরও জানান, জব্দ করা মাছ বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply