নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান ও জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, প্রতিমার নান্দনিকতা, আলোকসজ্জা এবং ভক্তদের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদ্যাপন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় ভক্ত-পূজারিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply