নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ইমরান হোসেন ১০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট। ক্লাবের মোট ১৬ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।
নির্বাচনে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এ কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন।
এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও কামরুজ্জামান রানা।
নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply