নারায়ণগঞ্জের বন্দরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের আরও মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ঝুটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply