নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) বিকেলে পাগলা ধোপাতিতা এলাকায় মিঠুন ও রাব্বির নিয়ন্ত্রিত মাদক স্পটে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় মিঠুন ও রাব্বি ঘটনাস্থলে ছিলেন না। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আঃ রহমান (২৬) ও মুনসুর (২০)। তাঁদের দুজনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তাঁরা ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় অভিযান চালায়।
অভিযানে মিঠুন ও রাব্বির মাদক স্পটে তাঁদের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অভিযানের সময় পলাতক মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম। এতে এসআই মিজানুর রহমান পিপিএম, এসআই মফিজুল ইসলাম পিপিএম ও এসআই মাহমুদুর রহমানসহ ডিবির সদস্যরা অংশ নেন।
Leave a Reply