, , ,
শিরোনামঃ
বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার

দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা সেই কুমিরটির অবশেষে সন্ধান মিলেছে। প্রায় দুই মাস ধরে আতঙ্ক ছড়ানোর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই পুকুরে কুমিরটির উপস্থিতি দেখতে পান বাসিন্দারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে পুকুরপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। টানা তিন দিনের চেষ্টায় বৃহস্পতিবার পুকুরে জাল ফেলে কুমিরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা।

উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “দুই দিন আগে আমরা জানতে পারি কুমির ফের দেখা গেছে। সেদিন থেকেই আমরা উদ্ধারকাজ শুরু করি। আমাদের উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটি ধরতে পেরেছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের স্পেশাল টিম এখানে কাজ করেছে। এটি একটি মিঠাপানির কুমির।”

উদ্ধারের পর কুমিরটির পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, “কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হবে। সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে প্রাণী বিশেষজ্ঞরা যখন মনে করবেন, কুমিরটি উন্মুক্ত পরিবেশে ছাড়ার উপযোগী হয়েছে, তখন সেটিকে অবমুক্ত করা হবে।”

কুমিরটি কীভাবে লোকালয়ে এসেছে, সে বিষয়ে বন কর্মকর্তা বলেন, “পাশে নদী আছে। এই নদীর মাধ্যমেই কুমিরটি হয়তো এখানে চলে এসেছে। মানিকগঞ্জেও আমরা কুমির পেয়েছি, সেটি উন্মুক্ত করে দিয়েছি।”

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বন্দরের তিনগাঁও এলাকার একটি পুকুরে প্রথম কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি পাশের অন্য একটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে অভিযান চালান। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সে সময় উদ্ধার অভিযান সফল হয়নি।

পরবর্তী সময়ে দীর্ঘদিন কুমিরটির কোনো সন্ধান না পাওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। এর মধ্যে নতুন করে কুমিরটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর শুরু হয় উদ্ধার অভিযান।

অবশেষে প্রায় দুই মাসের অপেক্ষা ও আতঙ্কের অবসান ঘটিয়ে কুমিরটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।