নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি।”
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বুদ্ধিজীবী হত্যাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল, সেই জামায়াতে ইসলামীকে বিএনপি বিশ্বাস করলে ভুল করবে। তিনি এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে দলটির বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে তিনি মনে করেন। এ কারণে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে জামায়াতকে উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, “একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে পড়ে, আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপকে মারবেন।” তাঁর এই বক্তব্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনাও করেন ফজলুর রহমান। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করে দাবি করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
গণআন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমেছিল এবং আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা দেশ ছেড়ে চলে যান।
বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে অবস্থান গ্রহণ করেছে, তা অব্যাহত থাকলে বিএনপিকে সহজে দুর্বল করে দেওয়া সম্ভব হবে—এমনটা মনে করার কারণ নেই। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সততা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এ ছাড়া মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
Leave a Reply