, , ,
শিরোনামঃ
এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন অভিযোগের টেবিলে ২৭ গল্প, কারও চিকিৎসা কারও মেয়ের বিয়ে—দ্রুত উদ্যোগ ডিসি জাহিদুলের চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে নাসিকের সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর স্ত্রীকেও মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওই সময় ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা মিল্টন রায় সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার একটি ভিডিও চিত্রে ভূমি কর্মকর্তার উপস্থিতিতেই ভুক্তভোগী কাশেম মোল্লাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছে তার পরিবার। অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ ঠেকাতে উপস্থিত কয়েকজনের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় কাশেম মোল্লার স্ত্রী কুহিনুর আক্তার পাপিয়া বাদী হয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে কুহিনুর আক্তার পাপিয়া উল্লেখ করেন, তার স্বামী ক্রয়সূত্রে তফসিলভুক্ত জমির মালিক। প্রায় ১০ বছর ধরে খাজনা, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ পরিশোধ করে সেখানে টিনশেড ঘর নির্মাণ করে তারা ভোগদখলে ছিলেন। ভবন নির্মাণের জন্য প্রায় এক বছর আগে টিনশেড ঘরটি ভেঙে জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়।

পরে ইকবাল হোসেন ওই জমিতে মালিকানা দাবি করে সাইনবোর্ড স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-শালিস হলেও রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ নিয়ে কাশেম মোল্লা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন। অভিযোগ অনুযায়ী, আদালত উভয় পক্ষের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে আরও বলা হয়, বুধবার তফসিল অফিসের কর্মকর্তাদের সরেজমিন তদন্তের দিন থাকায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কাশেম মোল্লা ও তার স্ত্রী রঘুনাথপুরের ওই জমিতে যান। ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিন তদন্ত করার সময় ইকবাল হোসেন ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন।

একপর্যায়ে কাশেম মোল্লার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে দাবি করেন তিনি। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কাশেম মোল্লা ও তার পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত কাশেম মোল্লাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা মিল্টন রায়ের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এর আগে চলতি বছরের ৪ জুন বিএনপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী ও চৌরাঙ্গি গ্রুপের স্বত্বাধিকারী কাজী আব্দুস সাত্তার।

এছাড়া ২০২৪ সালে বাসচালকের সঙ্গে তর্কের জের ধরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের আসিয়ান পরিবহনের একটি বাস ভাঙচুরের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

পরে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ১২ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনের সময় ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জমি নিয়ে বিরোধের বিষয়ে কাশেম মোল্লা বলেন, “আমার তিন কন্যা, কোনো উপার্জনক্ষম ছেলে নেই। এই জমিটিই আমার শেষ সম্বল। আমি চাই প্রশাসন জমির সব কাগজপত্র যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করুক।”

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শামসুল হক সরদার বলেন, “গতরাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।