নিউজ ২৪ নারায়ণগঞ্জ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে একটি বাসায় ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে জিম্মিদশায় থাকা ১০ যুবককেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার রূপসী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র্যাবের দাবি, গ্রেপ্তার সিরাজুল ইসলাম সংঘবদ্ধ চক্রটির মূলহোতা।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনটি দেখে ১০ যুবক চাকরির আশায় রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় যান। সেখানে তাদের চাকরি হয়ে গেছে বলে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে ‘প্রসেসিং ফি’ বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর তাদের চাকরিতে যোগদান না করিয়ে ওই বাসায় তিন থেকে চার দিন আটকে রাখা হয়। এ সময় তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি। পাশাপাশি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমদের উদ্ধারে র্যাব-১১-এর সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চাকরির প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply