নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ীর মৃত জালাল মোল্লার ছেলে মো. পলাশ হোসেন আকাশ (৩২)।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা এলাকায় টহল চলাকালে জানতে পারে, পলাশ হোসেন আকাশ থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সংরক্ষণের উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply