নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে মোট ৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে BKMEA-এর পক্ষ থেকে পরিচালক মামুনুর রশিদ ও পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন ৫ লাখ টাকার চেক পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন। অপরদিকে, NCCI-এর পক্ষ থেকে পরিচালক আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু এবং পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ২ লাখ টাকার চেক প্রদান করেন।
এ সময় BKMEA ও NCCI-এর অন্যান্য পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ লিংক রোডে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়টির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি যানবাহন চলাচল পর্যবেক্ষণ, বিভিন্ন অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়বে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। BKMEA ও NCCI-এর এই সহযোগিতা নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply