, , ,
শিরোনামঃ
অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণ, ১৫ ট্রাকে মিলছে সাশ্রয়ী চাল ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে মিয়া চাঁনের বার্তা, ইতিহাস গড়তে ঢাকায় যাওয়ার আহ্বান

শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের খানপুরের ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাঠটি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে মাঠ রক্ষায় সরব হয়েছেন স্থানীয় শিশু-কিশোর, খেলোয়াড় ও সাবেক ক্রীড়াবিদেরা। ইজারা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন তাঁরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মেলার প্যান্ডেল নির্মাণের জন্য মাঠে বাঁশ আনা হলে স্থানীয় বাসিন্দা ও খেলোয়াড়েরা এতে বাধা দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁরা চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসীর অভিযোগ, কনটেইনার পোর্ট নির্মাণের বিভিন্ন সামগ্রী দীর্ঘদিন ধরে মাঠের একটি অংশজুড়ে রাখায় এর স্বাভাবিক আয়তন আগেই সংকুচিত হয়েছে। এর মধ্যে মাসব্যাপী মেলার জন্য মাঠে বিপুল পরিমাণ বাঁশ এনে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খানপুর, তল্লা, আমলাপাড়া ও নবীগঞ্জসহ আশপাশের ৮ থেকে ১০টি মহল্লার শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার অন্যতম প্রধান জায়গা এই মাঠ।

তাঁদের ভাষ্য, আশপাশের এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় বরফকল মাঠটি স্থানীয় তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে টানা এক মাস মেলা চললে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ বন্ধ হয়ে যাবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সংকুচিত হবে। তাই মাঠে মেলার আয়োজন কোনোভাবেই মেনে নিতে রাজি নন তাঁরা।

প্রতিবাদে অংশ নেওয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ঈসাল উদ্দিন মাহমুদ বলেন, প্যান্ডেল নির্মাণে আসা লোকজন তাঁদের জানিয়েছেন, এক মাসের তাঁত ও বস্ত্র মেলার জন্য ২০ লাখ টাকার বিনিময়ে জেলা প্রশাসনের কাছ থেকে মাঠটি ইজারা নেওয়া হয়েছে। সরকার ও প্রশাসন যখন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করার কথা বলছে, তখন একটি খেলার মাঠ কীভাবে মেলার জন্য ইজারা দেওয়া হলো, তা বোধগম্য নয়।

তিনি বলেন, জেলা প্রশাসক নতুন দায়িত্ব নিয়েছেন। হয়তো তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ও মাঠটির গুরুত্ব সম্পর্কে পুরোপুরি অবগত নন। আশপাশের ৮ থেকে ১০টি মহল্লার অসংখ্য শিশু-কিশোর প্রতিদিন এই মাঠে খেলাধুলা করে। ২০১৬ সালে বিআইডব্লিউটিএ এখানে কোয়ার্টার নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয়দের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়েছিল। আগে মাঠে গরুর হাট বসানো হলেও খেলাধুলার স্বার্থে সংশ্লিষ্টরা এখন সেখানে হাটের আয়োজন করেন না। তাহলে কোন স্বার্থে এক মাসের জন্য মাঠটি ইজারা দেওয়া হলো? এই সময় শিশু-কিশোররা কোথায় খেলবে?

মাঠটির স্বাভাবিক পরিবেশ ও খেলাধুলার উপযোগিতা বজায় রাখতে সেখানে সব ধরনের মেলা আয়োজন বন্ধের দাবি জানান তিনি।

এদিকে মাঠ ইজারা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলার মাঠটি ইজারা দেওয়া কোনোভাবেই সমীচীন হয়নি। নারায়ণগঞ্জ শহরে এমনিতেই খেলার মাঠের সংকট রয়েছে। এ অবস্থায় শিশু-কিশোরদের খেলার জায়গা কেড়ে নিয়ে মেলার আয়োজন করা হলে তারা খেলাধুলা করবে কোথায়? অবিলম্বে মাঠ ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, ‘মাঠের মালিক বিআইডব্লিউটিএ। তারা অনুমোদন দিয়েছে। পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ—সব প্রশাসন মিলেই এই মাঠ ইজারা দিয়েছে।’

মেলা চলাকালে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ কোথায় থাকবে, এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘বাচ্চারা মেলা শেষ হলে খেলবে।’

প্রশাসনের এমন অবস্থানের বিপরীতে স্থানীয় খেলোয়াড় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবি, সাময়িক বাণিজ্যিক আয়োজনের চেয়ে শিশু-কিশোরদের খেলাধুলার অধিকার ও মাঠের স্থায়ী ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে। তাঁদের মতে, নগরীতে বিদ্যমান খেলার মাঠগুলো রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ আরও সংকুচিত হয়ে পড়বে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।