নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী, মাদক ও চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আটি ওয়াবদা কলোনি এলাকার মো. জসিম উদ্দিন (৪৬), মিজমিজি বাতেনপাড়া এলাকার ইমরান হোসেন (৩০) এবং এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. নূর হোসেন (৩৬)। পুলিশের দাবি, জসিম উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অন্যদিকে ইমরান হোসেন ও নূর হোসেন যথাক্রমে ১ ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য।
এ ছাড়া সামারি ট্রায়ালের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তাঁরা হলেন মো. রাব্বি (২২), শহিদুল ইসলাম (৩৯), মো. আলমগীর (৩৫), মো. রমজান আলী (২১), মোস্তফা কামাল (৩৫) ও আল আমিন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন ইমদাদুল ইসলাম মুন্না (২৮), মারুফ আহম্মেদ মিঠু (৩০) ও মো. রানা মিয়া (২০)। এ সময় তাঁদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে চাঁদাবাজির মামলায় শহিদুল (৩৬) এবং চারটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গোলাম মোরশেদ বাবু ওরফে লাল বাবু ওরফে বাবু হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৫ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply