নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, গত ১৫ দিন ধরে সাইফান ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শনিবার হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল।
পথে ফরাজীকান্দা এলাকার দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply