নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নসংলগ্ন একটি বাস গ্যারেজের সামনে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং আওয়ামী লীগ নেতা জালাল ওরফে টায়ার জালাল। এ ছাড়া যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply