নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে চালক ও তাঁর সহকারীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গেছে, রাত ১২টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় লিংক রোডের পাশে একটি পণ্যবাহী লরি থামানো ছিল। এ সময় দুর্বৃত্তরা লরিটির চাকায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আগুন দেখতে পেয়ে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply