নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের ছয়টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেন এবং লিয়াকত আলী লেকু। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দেওয়া এসব বস্ত্র পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ এশা ওয়ার্ডের হাজারীবাগ পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ পূজামণ্ডপ ও চিত্তরঞ্জন হরিসভা মন্দিরসহ ছয়টি পূজামণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজন ও পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
বস্ত্র বিতরণকালে আরমান হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বেরও প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে উদ্যাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে দেওয়া এই উপহার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির নিদর্শন। আমরা সব সময় তাঁদের পাশে থাকতে চাই এবং সুখে-দুঃখে একে অপরের সহযোগী হতে চাই।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। কোনো ধরনের বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।”
এ সময় সাবেক যুবদল নেতা জুয়েল রানা, জসিমসহ নাসিক ১০ নম্বর ওয়ার্ডের ছয়টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়।
Leave a Reply