নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের কাছে সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে এবার মোট ৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, সরকারের অর্থায়নের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজের সাধ্যমতো প্রতিটি পূজামণ্ডপে শাড়ি ও আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
পরিদর্শনকালে এমপি মান্নান বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদযাপনের পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাবেক যুবদল নেতা হারুন রশীদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যরা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
Leave a Reply