নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে মিলি আক্তারের বসতঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতঘরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply