নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের সাব-স্টেশন বিদ্যুৎ রুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকার বুকস্ গার্ডেন ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ককশিট রাখার উদ্দেশ্যে আব্দুর রশিদ ভবনের নিচতলায় অবস্থিত সাব-স্টেশন বিদ্যুৎ রুমে প্রবেশ করেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্বজনদের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
Leave a Reply