নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নানা ষড়যন্ত্রের মধ্যেও পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে কোনো ফাটল ধরানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের কালীবাজার এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাশুকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘদিন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে আমাদের যে বন্ধনের সুযোগ ছিল, তা সীমিত করে রাখা হয়েছিল। তবে গত দুই বছরে তাদের সঙ্গে যে সম্পর্ক ও বন্ধন তৈরি হয়েছে, তা অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, অতীতে এমনটা আমরা দেখিনি।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে যেকোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে আমাদের দল ও নেতাকর্মীরা প্রহরীর মতো পাশে থাকার চেষ্টা করেছে। এর মূল উদ্দেশ্য হলো দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় ও প্রতিষ্ঠিত করা।
রাজিব আরও বলেন, একটি গোষ্ঠী সবসময় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু আমাদের দলের প্রধানের বক্তব্য অত্যন্ত পরিষ্কার—বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সেই অধিকার ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবছর ফাউন্ডেশনটি এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আগে তাদের কার্যক্রম আড়াইহাজারকেন্দ্রিক থাকলেও বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তা সম্প্রসারিত হয়েছে। এ ধরনের মহৎ কাজে ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য সংগঠনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সমাজে এ ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে, আমাদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনও তত শক্তিশালী হবে।
শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে উৎসব পালনের বিষয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পূজারীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকারের পাশাপাশি স্থানীয়ভাবেও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
Leave a Reply