নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গত সাত মাসে নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের আমলের ‘সন্ত্রাসের জনপদ’ থেকে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জে প্রশাসনিক ও সামাজিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “দুই হাজার ছাত্র-জনতার রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত। হাজার হাজার মাইল দূরে পালিয়ে থেকে নানা ডেডলাইন বা মিথ্যা মেসেজ দিয়ে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে আর উসকানি দেওয়া যাবে না।”
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন। দেশের বাইরে অবস্থান করে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র না করে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, অতীতে যারা রাজপথে দাঁড়িয়ে ‘খেলা হবে’ বলে হুঙ্কার দিয়েছিল, গণ-অভ্যুত্থানের পর তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার, মামলা ও জেল-জুলুমের মধ্যেও নারায়ণগঞ্জে অবস্থান করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে।
নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আওয়ামী লীগের রেখে যাওয়া অপরাধের সিন্ডিকেট ভেঙে দিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।” নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা, নাগরিক সুবিধা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply