নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪)কে গ্রেপ্তার করা হয়। একই রাতে শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩)কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেপ্তার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, চার আসামির কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, একই অভিযানে পূর্বের মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে চারজন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালায় র্যাব-১১। এ সময় ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply