নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের জিমখানা ও ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। একই সঙ্গে জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।
পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, এর আগের দিনও জেলায় অভিযান পরিচালনা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লা মডেল থানায় ৩১ জন, সোনারগাঁয়ে ৫ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, বন্দরে ১১ জন, আড়াইহাজারে ৫ জন এবং রূপগঞ্জে ১৮ জন রয়েছেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
মাদকবিরোধী অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply