নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় রায়হানকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে বলে জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply